মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ড. খন্দকার মারুফ হোসেনের আকস্মিক পরিদর্শন
বিশেষ প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা):
কুমিল্লার মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিকভাবে পরিদর্শন করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। সাধারণ মানুষের চিকিৎসাসেবার মান যাচাই এবং হাসপাতালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে তিনি এ পরিদর্শন পরিচালনা করেন।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ড. মারুফ হোসেন সরেজমিনে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় তিনি ভর্তি থাকা রোগী ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাঁদের চিকিৎসার অভিজ্ঞতা, ওষুধ প্রাপ্তি ও নানা ভোগান্তির কথা শোনেন তিনি। পরিদর্শনকালে হাসপাতালের প্যাথলজি বিভাগ, রান্নাঘর ও শৌচাগারসমূহ ঘুরে দেখেন এবং পরিবেশের পরিচ্ছন্নতা ও চিকিৎসাসেবার মান বাড়াতে উপস্থিত কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরবর্তীকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সঙ্গে তিনি হাসপাতালের বিদ্যমান সংকট ও সম্ভাব্য উন্নয়ন নিয়ে বৈঠক করেন। তাৎক্ষণিকভাবে তিনি কুমিল্লা জেলা সিভিল সার্জনের সঙ্গে মুঠোফোনে কথা বলে মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সের সমস্যা দূরীকরণ এবং দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “মেঘনার সাধারণ মানুষের জন্য নিজ এলাকায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো সমাধানের জন্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
উল্লেখ্য, ড. খন্দকার মারুফ হোসেন কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের সন্তান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, সদস্য সচিব সালাউদ্দিন সরকার, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ।
This theme has been developed by Muhammad Siyam.
Post a Comment