দেশে তেল নেই, তাহলে হাজার হাজার গাড়ির লংমার্চ কীভাবে: শামা ওবায়েদ
![]() |
| ছবি: শামা ওবায়েদ |
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালি, বৃক্ষরোপণ ও মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের লংমার্চ কর্মসূচির প্রসঙ্গ তুলে শামা ওবায়েদ বলেন, একদিকে দেশে তেল ও গ্যাস নেই বলা হচ্ছে, অন্যদিকে ২ থেকে ৩ হাজার গাড়ি নিয়ে লংমার্চ করা হচ্ছে। প্রশ্ন তুলে তিনি বলেন, ‘গাড়িগুলো কি পানিতে চলে, নাকি তেলে চলে? দেশে যদি তেলই না থাকে, তাহলে এত গাড়ি নিয়ে লংমার্চ কীভাবে হচ্ছে?’
তার মতে, লংমার্চে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় না করে রাজনৈতিক দলগুলোর উচিত সংসদে গিয়ে নিজেদের দাবি-দাওয়া তুলে ধরা। আলোচনা ও তর্ক-বিতর্কের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধান সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।
জ্বালানি পরিস্থিতির জন্য বর্তমান সরকারকে সরাসরি দায়ী না করে শামা ওবায়েদ বলেন, অতীত সরকারের সময়ে জ্বালানি খাতে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার যে প্রভাব তৈরি হয়েছে, তা এখনো মোকাবিলা করতে হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলেও প্রয়োজনীয় উৎপাদন সক্ষমতা নিশ্চিত করা হয়নি এবং দেশের মজুত গ্যাস উত্তোলনেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছরের অনিয়ম ও অব্যবস্থাপনার প্রভাব অল্প সময়ে দূর করা সম্ভব নয়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বিকল্প ও বহুমুখী উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। প্রয়োজন হলে নতুন উৎস থেকেও জ্বালানি আমদানি করা হবে।
সারের সংকট নিয়েও অপপ্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন শামা ওবায়েদ। তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই; এ ধরনের প্রচারণার মাধ্যমে কৃষকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
শামা ওবায়েদের ভাষ্য, দেশে গণতন্ত্র ফিরে এলেও ষড়যন্ত্র ও অপপ্রচার এখনো অব্যাহত রয়েছে। জাতীয় সংকটকে রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে জনগণের সমস্যা ও দাবি সংসদে তুলে ধরে গঠনমূলক রাজনীতির চর্চা করা উচিত।
এ সময় জুলাই সনদ বাস্তবায়নের প্রসঙ্গও উঠে আসে। শামা ওবায়েদ বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে বিএনপি সরকারের হাত ধরেই তা করা হবে।
আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথমবার অংশগ্রহণের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতির আলোকে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, আত্মবিশ্বাসী, দায়িত্বশীল ও সম্ভাবনাময় রাষ্ট্র হিসেবে তুলে ধরবেন।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরকান্দায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। সকালে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে র্যালিতে অংশ নেন। পরে এম এন একাডেমি স্কুল মাঠে বৃক্ষরোপণ এবং কুমার নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

Post a Comment